রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিনব কায়দায় চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান থেকে সাড়ে ৩ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। উপজেলার শিলক ইউনিয়নের দীঘির পাড় এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় সোমবার (৩০ আগস্ট) সকালে রাঙ্গুনিয়া থানায় অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. শফিউল্লাহ।
তিনি জানান, গত শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শিলক দীঘির পাড় এলাকার তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান “হাজী মেহের ষ্টোর” থেকে দোকান বন্ধ করে বাড়ি যান ব্যবসায়ী শফিউল্লাহ। একইদিন বিকাল ৪ টার দিকে তিনি গিয়ে দেখেন দোকানের ক্যাশবাক্স এলোমেলো অবস্থায় আছে এবং সেখানে রেখে যাওয়া সাড়ে ৩ লাখ টাকা নেই।
পরে দোকানের সিসি টিভির ফুটেজ দেখলে সেখানে দেখা যায়, অজ্ঞাতনামা ৫-৭ জনের চোরের দল দুপুর ১টা ৫ মিনিটের দিকে দোকানের সামনে এসে দাঁড়ায়। এ সময় ৫ জন ব্যক্তি দোকানের ফটক ঘিরে ধরে এবং তাঁদের একজন তালাবদ্ধ ফটকের নিচে ফাঁক করে দোকানে প্রবেশ করে। কিছুক্ষণের মধ্যেই টাকা নিয়ে বেরিয়ে সকলে একসাথে পালিয়ে যায়।
ব্যবসায়ী শফিউল্লাহ বলেন, “তাঁর ৫টি প্রক্রিয়াজাত খাবারের ডিলারশীপ রয়েছে। তিনি বিভিন্ন খুচরা দোকানে পাইকারী মালামাল সরবরাহ করে প্রতিদিনের মতো এই টাকাগুলো দোকানে রেখেছিলেন।”
এই বিষয়ে রাঙ্গুনিয়া সার্কেলে দায়িত্বরত সহকারী পুলিশ সুপার (এএসপি) আনোয়ার হোসেন শামীম বলেন, ঘটনার বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরে আইনের আওতায় আনা হবে।”
Leave a Reply