ফরিদপুর প্রতিনিধি:
দুলাভাইয়ের কাছে ৫ লাখ টাকা ধার চেয়ে সেই টাকা যাতে আর পরিশোধ করতে না হয় এ জন্য ছিনতাইয়ের নাটক সাজায় শ্যালক। তবে শেষ রক্ষা হয়নি। পুলিশের জেরার মুখে বেরিয়ে আসে আসল ঘটনা। আর সেই সূত্র ধরেই উদ্ধার করা হয় ছিনতাইকৃত অর্থ। এ সময় ছিনতাইয়ে জড়িত দুই ব্যক্তি এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিস কক্ষে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সহকারী পুলিশ সুপার সুমন কর।
সুমন করের বর্ণনা অনুযায়ী ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোবিন্দপুর গ্রামের এফ এম মুছার নিকট তার শ্যালক অনিক ইসলাম রনি ৫ লাখ টাকা ধার চান। মুছা রনিকে গত মঙ্গলবার (০৫ অক্টোবর) বিকালে মেছড়দিয়া বাজারে আসতে বলেন। সেখানে তিনি শ্যালকের হাতে পুরো টাকা বুঝিয়ে দেন।
এ সময় হঠাৎ একটি মোটরসাইকেলে দুজন আরোহী রনির কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এ ঘটনায় মধুখালী থানায় ছিনতাইয়ের অভিযোগ দায়ের করেন মুছা ও রনি। কিন্তু রনির কথায় সন্দেহ হলে পুলিশ তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে। এক পর্যায়ে রনি স্বীকার করে ঘটনাটি সাজানো। এবং এ ঘটনায় তার দুই সহযোগী সবুজ এবং মাসুদ জড়িত।
রনির স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ অভিযান চালিয়ে সবুজকে গ্রেপ্তার করে এবং মাসুদের বাড়ি থেকে মোটর সাইকেলসহ ৫ লাখ টাকা উদ্ধার করে। তবে এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাসুদ পালিয়ে যায়। উভয়েই রাজবাড়ী সদরের উদয়পুর গ্রামের বাসিন্দা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই হাকিমসহ অন্যান্য কর্মকর্তা।
Leave a Reply