জামালপুর প্রতিনিধি:
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার এ কে মাইনুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তিনি জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি জামালপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ঘনিষ্ট বন্ধু এবং সহপাঠী ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে তার ভাগ্নে আখতার নেওয়াজী টফি ফোনে কালের কণ্ঠকে জানান, বুধবার রাত ১১টায়, ১৫৫/এ ডাক্তার গলি, বায়তুল মামুন জামে মসজিদে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর দেওয়ানগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে চিকাজানির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
Leave a Reply