নিজস্ব প্রতিবেদক:
স্বাধীনতার ৫০ বছরেও দেশের নৌপথ নিরাপদ হয়নি বলে মন্তব্য করে সুষ্ঠু তদন্ত করে দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চ অগ্নিকাণ্ডে ব্যাপক হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এ কথা বলেন তিনি।
শুক্রবার (২৪ ডিসেম্বর) এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যান।
শোকবার্তায় তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ হয়নি। এমন শোকাবহ সংবাদ মেনে নেওয়া যায় না। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কমিটি গঠন করে সুষ্ঠু তদন্ত করতে হবে। এ ছাড়া দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি।
জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এ ছাড়া আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
গতকাল বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চের ইঞ্জিন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে এখন পর্যন্ত ৩৮ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ শতাধিক ব্যক্তিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply