নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আওয়ামী লীগ যখন স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করেছে, তখন নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে একটি দল।
তিনি বলেন, প্রয়োজনে আওয়ামী লীগের নেতাকর্মী আরো একবারে সংগ্রাম করবে, তবে বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারী ও পরাজিত শক্তির জায়গা হবে না।
মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুর রহমান বলেন, রাষ্ট্রপতি যে সংলাপের উদ্যোগ গ্রহণ করেছে, তাতে আওয়ামী লীগ একমত। বাংলাদেশের সব রাজনৈতিক দল তাতে একমত, কিন্তু বিএনপি শুধু একমত নয়। নির্বাচন ও সার্চ কমিটি নিয়ে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, তাহলে সংলাপে গিয়ে রাষ্ট্রপতিকে বলতে পারেন।
তিনি আরো বলেন, জনগণের ভোটে আবারও শেখ হাসিনা নির্বাচিত হবেন। বিএনপি নির্বাচন করে না। কারণ তারা নির্বাচন বর্জন করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে।
আব্দুর রহমান বলেন, সুস্থ হওয়ার জন্য খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন। তাই দেশের মধ্যে তাকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কিন্তু তার চিকিৎসার নামে বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে।
তিনি বলেন, বিএনপি বলতে পারবে বা দেখাতে পারবে তারা কোথাও স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন করেছে? স্বাধীনতার ৫০ বছরে যারা সুবর্ণজয়ন্তী পালন করে না, তারা স্বাধীনতার সপক্ষের দল হতে পারে না। তারা কীভাবে স্বাধীনতার সপক্ষের দল দাবি করে। যখন স্বাধীনতার সপক্ষের দল আওয়ামী লীগ স্বাধীনতার সুর্বণজয়ন্তী পালন করেছেন তখন পরাজিত শক্তিরা আবার ষড়যন্ত্র শুরু করেছে। খালেদা জিয়াকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে বিএনপি।এটা ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ম রাজ্জাক, আব্দুল আলিম বেপারী, কাজী মোয়াজ্জেম হোসেন, তানভির শাকিল জয় প্রমুখ।
Leave a Reply