নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, ক্যান্সার যেন না হয় সেজন্য মানুষের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে হবে।
বৃহস্পতিবার বিএসএমএমইউ’র ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের উদ্যোগে শহিদ ডা. মিল্টন হলে বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন উপলক্ষে ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য দূর করি’ প্রতিপাদ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ব্যায়ামের ওপর গুরুত্ব দিতে হবে এবং ধূমপান পরিহার করতে হবে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করতে হবে।
উপাচার্য আরো বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সারে আক্রান্ত রোগীদের আধুনিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। তবে রোগীদের সেবার পরিধি আরো বৃদ্ধি করা হবে। প্রয়োজনীয় জনবল তৈরি, উন্নত প্রশিক্ষণ, প্রয়োজনীয় যন্ত্রপাতি নিশ্চিত করাসহ বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা সেবার সকল অগ্রগতিকে এ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবার সঙ্গে সংযোজন করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসনে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল বারী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ক্যান্সারের চিকিৎসা এককভাবে করা যায় না। উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করতে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ বাস্তবায়ন করতে হবে। দিন দিন ক্যান্সার রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য এখন থেকেই ব্যাপক প্রস্তুতি নিতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ও সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমে ক্যান্সার মোকাবিলা করতে হবে।
Leave a Reply