বিনোদন প্রতিবেদক:
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি সুস্থ ও শঙ্কামুক্ত হওয়ায় হাসপাতাল থেকে ছাড়পত্র পাচ্ছেন বলে জানা গেছে। শনিবার (১৫ অক্টোবর) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এস এম আইয়ুব হোসেন গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
সুস্থ হওয়া কৌতুক অভিনেতা আবু হেনা রনি বলেন, ‘মানি ইজ এ সেকেন্ড গড।’ এখন আমি বলব ‘ডাক্তার ইজ এ সেকেন্ড গড।’ পুলিশ, চিকিৎসক, নার্স সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহর দয়া ও তাদের কারণেই আজ নতুন জীবন পেয়েছি। তাদের প্রচেষ্টায় ও বাংলাদেশের মানুষের দোয়ায় আজ আমি আপনাদের মাঝে।
ঘটনার আগ মুহূর্তে আপনি কি দেখেছিলেন? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, অনুষ্ঠানের আগ মুহূর্তে ঘটনাটি ঘটে। বেলুনের গ্যাসগুলো হয়তো ভালো ছিল না। এ ছাড়াও বেলুনগুলোর ওজন হয়তো বেশি হয়ে গেছে, উড়তে পারছিল না। তাই বেলুনের ওই লোক ওজন কমানোর জন্য কিছু অংশ কমাতে গিয়ে ম্যাচ-লাইটার দিয়ে রশি ছুটাতে চেয়েছিলেন। তা না করে যদি কেচি দিয়ে কাটতো, তাহলে আর এ ঘটনাটি ঘটত না। আমার সামনেই ঘটনাটি ঘটেছে।
গত ১৬ সেপ্টেম্বর বিকেলে জিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে আবু হেনা রনি বাদে আরও চারজন দগ্ধ হন। তবে রনির শরীরের ২৫ শতাংশ পুড়ে যাওয়ায় ওই রাতেই আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় তাকে।
এর আগে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে হাসপাতালে বসে মীরাক্কেলখ্যাত কৌতুক অভিনেতা রনি তার ভেরিফাইড ফেসবুকে কিছু প্রাকৃতিক ছবি শেয়ার করে তাতে লিখেছেন, আলহামদুলিল্লাহ, অনেকটা ভালো এখন। আকাশ দেখছি হাসপাতালে বসে। চারপাশের সুন্দর মানুষদের দোয়ায় এবং চেষ্টায় সুন্দর হয়ে উঠছে আমার চারিদিক। আপনাদের কথা কখনও যেন ভুলে না যাই। ভালোবাসা সবার জন্য।
Leave a Reply