নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সুয়ারেজ লাইনে যারা পয়োবর্জ্যের লাইন দিয়েছে, তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। আগামী ৪ জানুয়ারি থেকে গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করা হবে।
শুক্রবার রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠে প্লাস্টিক দূষণ রোধে এক প্রদর্শনীর উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
মেয়র আতিক বলেন, আমরা ড্রেন বা লেক পরিষ্কার করতে গেলে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য পাই। এসব প্লাস্টিকের কারণে ড্রেনগুলো ব্লক হয়ে যায়। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এছাড়াও সুয়ারেজ লাইনে পয়োবর্জ্যের লাইন দেওয়া হয়েছে। ৪ জানুয়ারি গুলশান, বনানী, নিকেতন ও বারিধারা এলাকায় অভিযান চালাবো।
এ সময় মেট্রোরেলে পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়ে ডিএনসিসি মেয়র বলেন, এই বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের মেট্রোরেল উপহার দিয়েছেন। কিছুদিন আগেই পদ্মাসেতু উপহার দিয়েছেন।
তিনি আরো বলেন, মেট্রোরেল ও পদ্মাসেতু এগুলো জনগণের সম্পদ। এগুলো পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। দয়া করে মেট্রোরেল পরিষ্কার রাখুন। ট্রেন, বাথরুম ও প্ল্যাটফর্ম পরিষ্কার রাখুন। এর সুফল আমরাই পাব। এগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব।
Leave a Reply