নিজস্ব প্রতিবেদক
এলডিপির প্রতিনিধি সভায় বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক-
বাংলাদেশে এখনো নতুন রাজনৈতিক সংকট সৃষ্টি করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ এলডিপির প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, আপনার প্রতি অগাধ বিশ্বাস আমাদের আছে। সেই বিশ্বাস রাখতে হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করেন।
তিনি বলেন, যে কমিশন ঘুম থেকে উঠে ফল ঘোষণা করে। আমরা এমন নির্বাচন চাই, যে নির্বাচন দিনের ভোট দিনে হবে, রাতে নয়।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরো বলেন, আমরা মনে করি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ঘোলাটে করার জন্য আরেকটা প্রতিক্রিয়াশীল চক্র চেষ্টা করে যাচ্ছে। তার একটা ইঙ্গিত বহন করে বঙ্গভবনের সামনে নতুন করে আরেকটা রাজনৈতিক সংকট সৃষ্টি করার চেষ্টা।
শেখ হাসিনার উদ্দেশে বিএনপির এ নেতা বলেন, আপনি বহু মায়ের বুক খালি করেছেন। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিদায় নিয়েছেন। ২০৪০ সাল পর্যন্ত ক্ষমতায় থেকে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চক্রান্ত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ এলডিপির মহাসচিব মো. শাহাদাত হোসেন সেলিম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মো. পারভেজ, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।
Leave a Reply