নিজস্ব প্রতিবেদক
–
রাজধানীর গুলশান এলাকায় এক তুর্কি নাগরিককে সরকারি গোয়েন্দা সংস্থা পরিচয়ে ভয় দেখিয়ে চাঁদা দাবি করার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই প্রতারক তুর্কি নাগরিককে পাসপোর্ট ভেরিফিকেশন আটকে যাবে বলে টাকা দাবি করে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানা পুলিশ রাজধানীর পূর্ব কাজীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার রুবেল হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর উপজেলায়। গ্রেফতারের সময় রুবেলের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত সিমকার্ড এবং বিভিন্ন পাসপোর্টের তথ্য সংবলিত তিনটি কাগজ উদ্ধার করা হয়।
অভিযোগকারী তুর্কি নাগরিকের নাম সেরকান আকমান। তিনি তুর্কিশ এয়ারলাইন্সের স্টেশন মাস্টার হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত। তিনি গুলশান-২ এর বাসিন্দা। গত ৩১ আগস্ট সকালে কর্মস্থলে যাওয়ার প্রস্তুতিকালে তার মোবাইল ফোনে এনএসআই কর্মকর্তার পরিচয়ে কল আসে। এ ঘটনায় তিনি গুলশান থানায় একটি অভিযোগ করার পর মামলা করে গুলশান থানা পুলিশ।
অভিযোগে বলা হয়, অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেকে ‘এনএসআই গুলশান জোনের এডি আব্দুল মুহিন’ পরিচয় দিয়ে পাসপোর্ট ভেরিফিকেশনের কথা বলেন। এ সময় সেরকানের জন্ম তারিখ ও পাসপোর্টের তথ্য মিলিয়ে নিয়ে তাকে জানানো হয়, ভেরিফিকেশন সম্পন্ন করতে হলে পাঁচ হাজার টাকা দিতে হবে। টাকা না দিলে প্রক্রিয়া আটকে দিয়ে এক লাখ টাকা দাবি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী সেরকান আকমান বাংলাদেশে অবস্থানরত তুর্কিশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের মাধ্যমে গুলশান থানায় লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে গুলশান থানায় মামলা (নম্বর-৪৩) হয়।
গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার তারেক মাহমুদের নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার আলী আহমেদ মাসুদের তত্ত্বাবধানে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা এসআই মাহফুজুল হক ও তার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারককে শনাক্ত করে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেইলকে বলেন, ‘প্রতারক আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বিদেশি নাগরিককে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করেছিল। আমরা তাকে আটকের পর আলামত জব্দ করেছি। এই ঘটনায় তদন্ত অব্যাহত আছে।’
Leave a Reply