ক্রীড়া ডেস্ক:
ম্যাচ–ফিক্সিং সন্দেহে থাকা কয়েকজন ক্রিকেটারকে আসন্ন বিপিএল নিলামে অংশ নিতে দেবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী রোববার ঢাকায় অনুষ্ঠেয় নিলামের খসড়া তালিকায় তারা থাকলেও শেষ মুহূর্তে বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বোর্ডের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
গতবারের বিপিএলে ব্যাপক ফিক্সিং অভিযোগের পর তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তাদের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে ১৮-১৯ জনের সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে ৮-১০ জন ছিলেন ক্রিকেটার। কমিটি জোর দিয়ে বলেছিল, এদের বিপিএল থেকে দূরে রাখতে হবে।
আইসিসির দুর্নীতি–দমন ইউনিটের সাবেক প্রধান মার্শাল বর্তমানে বিসিবিকে সহায়তা করছেন। শুক্রবার রাতেই তিনি আরেকটি ফলো–আপ রিপোর্ট জমা দেওয়ার কথা, যেখানে একই ধরনের সুপারিশ আরও জোরালোভাবে উঠে আসবে বলে ধারণা।
বিসিবি এই বিষয়ে কোনো ঝুঁকি নিতে নারাজ। আজই দল পরিচালনায় কারা থাকবেন, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিদের কাছে চিঠি দেবে বিসিবি। বোর্ডের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেয়া হবে যে ফিক্সিং সন্দেহভাজন কেউ যেন কোনোভাবেই দলে জায়গা না পান। প্রয়োজনে তাদের অ্যাক্রিডিটেশন কার্ডও দেয়া হবে না। সব মিলিয়ে, ফিক্সিং-কাণ্ডে সন্দেহভাজন কোনো ব্যক্তিকেই আসন্ন বিপিএলে রাখতে চাচ্ছে না বোর্ড। প্রায় ৯০০ পৃষ্ঠার তদন্ত নথি সামনে রেখে বিসিবি চূড়ান্তভাবে তাদের অবস্থান পরিষ্কার করেছে।
Leave a Reply