কেরানীগঞ্জ প্রতিনিধি:
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে আগানগরের ইমামবাড়ি এলাকায় একটি ১০ তলা ভবনে গতকাল শনিবার ভোরে লাগা আগুন ১১ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এরপর ঘটনাস্থলে সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রিফ করে এ বিষয়টি জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, জাবালে নুর টাওয়ার নামে এ ভবনে ভোর ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনসহ ৯টি স্টেশনের ২০টি ইউনিট। এরপর দীর্ঘ প্রচেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ সময় ভবনের বিভিন্ন ফ্লোরে থাকা ৪৫ জনকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তাজুল ইসলাম আরও জানান, জাবালে নূর টাওয়ারটির একটি বেজমেন্টে আগুন লেগেছে, যার ওপরে সাতটি ভবন রয়েছে। বেজমেন্টে গোডাউন আছে, প্রথম ও দ্বিতীয় তলায় মার্কেট, তৃতীয় তলা থেকে ওপরে আবাসিক কোয়ার্টার। গুদামটিতে বিপুল পরিমাণ কাপড়, ঝুট কাপড় ও সুতা মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বেজমেন্টে প্রবেশ পথ মাত্র দুটি।
Leave a Reply