ভোলা জেলা প্রতিনিধি,
জামায়াত ও ইসলামী আন্দোলন কর্মীদের মধ্যে হাতাহাতি
ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থীর তিন নারী কর্মীর ওপর একই আসনের জামায়াত ইসলামীর প্রার্থীর কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে চরফ্যাশন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চলাকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ইসলামী আন্দোলনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলা-৪ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিনের মেয়ে মারিয়া কামাল তার দুই ভাই ফয়সাল আহমেদ ও তাহজিবসহ কয়েকজন নারী কর্মীকে নিয়ে সকাল ৯টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর প্রার্থী মোস্তফা কামালের কর্মী সোহেল ও আলাউদ্দিন তাদের প্রচারণায় বাধা দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে সোহেল ও আলাউদ্দিন দলবদ্ধভাবে ইসলামী আন্দোলনের কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
এ ঘটনায় মারিয়া কামাল চরফ্যাশন প্রেসক্লাবে এক লিখিত বক্তব্যে জানান, তিনি ৭ থেকে ৮ জন নারী কর্মী নিয়ে শান্তিপূর্ণভাবে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় জামায়াতে ইসলামীর কর্মীরা তাদের এলাকা ছাড়ার হুমকি দেন এবং পরে হামলা চালান। এতে কয়েকজন আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান এবং সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
হাতপাখা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন অভিযোগ করে বলেন, আমাদের নারী কর্মীদের ওপর হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর কর্মীরা নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। তিনি হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে চরফ্যাশন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মো. শরিফ বলেন, যদি আমাদের কোনো কর্মী এই ঘটনার সঙ্গে জড়িত থাকে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, উভয় পক্ষ মৌখিকভাবে তাকে বিষয়টি অবহিত করেছে। তবে তারা নিজেরা বিষয়টি সমঝোতার মাধ্যমে সমাধান করবে বলেও জানিয়েছেন।
Leave a Reply