কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে ইমাম ও উলামাদের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের হাজি শরিয়ত উল্লাহ এতিমখানার আব্দুল ওয়াহিদ মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি মো. আব্দুল হামিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া অঞ্চল টিম সদস্য ও কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন। প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি আমির হামজা।
মুফতি আমির হামজা বলেন, দেশের শান্তি, ন্যায়বিচার ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আলেম সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই প্রকৃত উন্নয়ন সম্ভব। তিনি কুষ্টিয়া সদর আসনের সার্বিক উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ খন্দকার একেএম আলী মুহসিন বলেন, দেশের ক্রান্তিলগ্নে ওলামায়ে কেরাম সবসময় পথপ্রদর্শকের ভূমিকা রেখেছেন। এবারের নির্বাচনেও তারা জনগণকে সঠিক পথে দিকনির্দেশনা দেবেন বলে আশা প্রকাশ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক সিরাজুল ইসলাম, জেলা সভাপতি আব্দুল লতিফ খান, সেক্রেটারি আরিফুজ্জামান, জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফরহাদ হুসাইন ও শহর জামায়াতের আমির এনামুল হক।
বক্তারা ইনসাফভিত্তিক সমাজ গঠনে ইমাম ও উলামাদের ভূমিকার কথা তুলে ধরে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে কুষ্টিয়া শহরের বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও শত শত আলেম সমাজ উপস্থিত ছিলেন। শেষে আসন্ন নির্বাচনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থীদের বিজয় কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর উপস্থিত সবাই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও গণভোটে “হ্যাঁ” এর পক্ষে প্রচারণার আহ্বান জানান।
Leave a Reply