বগুড়া ব্যুরো
জুলাই-২৪ গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বগুড়ায় স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ স্মরণ, শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান এবং জুলাই যোদ্ধাদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয় গুরুত্ব পায়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকালে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের কল্যাণে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসব কর্মসূচি বাস্তবায়নে সরকারের পাশে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান এবং শহীদ পরিবারের সদস্যদের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি উজ্জ্বল হোসেন জোবায়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল হক ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির, বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবর রহমান হারেজ, পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক ড. আব্দুল মজিদ, জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি গোলাম রহমান, আমরা জুলাই যোদ্ধার কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশীদ সন্ধান প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান বক্তা ইশরাক হোসেন জুলাই শহীদ পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।