1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ধূলশুড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জায়েদ খান

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার নদীভাঙনকবলিত ধূলশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক তিনবারের চেয়ারম্যান মোঃ জায়েদ খান। ইউনিয়নের উন্নয়ন, জনসেবা ও মানুষের জীবনমান উন্নয়নের প্রত্যয় জানিয়ে তিনি সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে জায়েদ খান বলেন, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে চান তিনি। জনগণের সহযোগিতা পেলে ধূলশুড়া ইউনিয়নকে আধুনিক, নিরাপদ ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নেবেন।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে ইউনিয়নকে মাদক ও দুর্নীতিমুক্ত করতে কাজ করবেন। বিশেষ করে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যা সমাধান এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্ব দেবেন।
জায়েদ খান বলেন, অবহেলিত ও নদীভাঙনকবলিত এলাকার মেহনতি মানুষের পাশে থেকে জনসেবামূলক কাজ করাই আমার মূল উদ্দেশ্য। জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন পেলে ধূলশুড়া ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করব।
তিনি আরও বলেন, বিগত দিনগুলোতে ধূলশুড়া ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনো আছি। ভবিষ্যতেও ইনশাআল্লাহ মানুষের পাশে থাকব।
স্থানীয় সূত্রে জানা গেছে, জায়েদ খান দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। সাংস্কৃতিক আয়োজন ও খেলাধুলাসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে বলেও স্থানীয়দের দাবি।
সমর্থকদের ভাষ্য, এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে স্থানীয় পর্যায়ে জায়েদ খানের পরিচিতি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..