মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই ব্যক্তির মধ্যে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর মঙ্গলবার (২৭ই অক্টোবর) দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান চলাকালে মো. মারুফ হোসেন (৪০) নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. রাসেল (৩৫) নামে অপর ব্যক্তি এখনো নিখোঁজ রয়েছেন। তাঁকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টা ২০ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনে খবর আসে, পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী গোসল করতে নদীতে নামেন এ সময় তাঁদের মধ্যে ছয়জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও বাকি দুজন নদীতে নিখোঁজ হন।
খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে। নিখোঁজ দুজন হলেন শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের কর্মী মো. মারুফ হোসেন (৪০), যাঁর বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায় এবং মো. রাসেল (৩৫), যাঁর বাড়ি পটুয়াখালীতে।
প্রথম দিন অভিযান চালিয়েও তাঁদের সন্ধান পাওয়া যায়নি। পরে মঙ্গলবার সকাল ৮টা থেকে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ২৪ ঘণ্টা পর মারুফ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, নিখোঁজ মো. রাসেলকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে খুঁজে না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম।