1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

অপহরণের ৯ দিনেও সন্ধান মেলেনি রিদোয়ানের, উদ্ধারের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ী এলাকার অপহরণের নয় দিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বিবিএ শিক্ষার্থী রিদোয়ান আনসারীর (২৫)। নিখোঁজ সন্তানকে ফিরে পেতে পরিবারের আহাজারি আর স্বজনদের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে তাঁকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন স্বজন, সহপাঠী ও এলাকাবাসী।

সোমবার (২ নভেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রিদোয়ান নিখোঁজ হওয়ার নয় দিন অতিবাহিত হলেও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। অবিলম্বে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে রিদোয়ানকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, দ্রুত ও আইনশৃঙ্খলার সাহায্যের মাধ্যমে রিদোয়ানকে উদ্ধার করা না হলে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, সোশ্যাল ওয়েলফেয়ারের সভাপতি নুর ইসলাম সত্তার, এনপিআই ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান প্রকৌশলী ড. মো. ফারুক হোসেন, রিদোয়ানের চাচা আব্দুল হান্নান আনসারীসহ স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবার সূত্রে জানা যায়, রিদোয়ান মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের তাড়াইল গ্রামের প্রয়াত আব্দুল মান্নান আনসারীর ছেলে। তিনি রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। বিবিএ পড়াশোনার পাশাপাশি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বড় বোনের বাসা থেকে ঢাকার মগবাজারের উদ্দেশে রওনা হন তিনি। ওই দিন রাত সাড়ে ৯টার দিকে বড় ভাইয়ের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের অভিযোগ, পরদিন ২৫ অক্টোবর ভোরে অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে রিদোয়ানকে অপহরণের কথা জানানো হয় এবং তাঁকে ফেরত দেওয়ার বিনিময়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। পরিবারের দাবি, কয়েক দফায় বিকাশ ও নগদ নম্বরে মোট ৪০ হাজার টাকা পাঠানোর পরও তাঁকে ফেরত দেওয়া হয়নি।

এ ঘটনায় ২৫ অক্টোবর গাজীপুরের কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর খালাতো ভাই ফয়সল মাহমুদ। পাশাপাশি র‍্যাব-৩-এর কাছেও লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

নয় দিন ধরে সন্তানের অপেক্ষায় দিন কাটছে পরিবারের সদস্যদের। স্বজনদের একটাই আকুতি—রিদোয়ানকে দ্রুত জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হোক। মায়ের আহাজারি যেন থামছেই না ছেলেকে ফিরে পাওয়ার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..