কক্সবাজার প্রতিনিধি,
কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে অপহরণ চক্রের হাত থেকে ধস্তাধস্তি করে পালিয়ে আসেন তিন যুবক। পরে তাদের সহযোগিতায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। এসময় অপহরণকারী চক্রের চার সহযোগী পালিয়ে যায়।
শুক্রবার (১০ অক্টোবর) র্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার সকালে অপহরণকারীদের হাত থেকে পালিয়ে আসা তিন যুবক টেকনাফ র্যাব ক্যাম্পে গিয়ে অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে র্যাব সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা লেঙ্গুরবিল এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তিনজন অপহরণকারীকে আটক করে।
আটক তিনজন হলেন- টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা এলাকার জাফর আলমের ছেলে আক্তার হোসেন (৩৪), উখিয়া উপজেলার কুতুপালং ৪ নম্বর রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের মো. কাছিমের ছেলে মো. হামিম (২১) এবং একই উপজেলার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবদুর রহমানের ছেলে আরাফাত উল্লাহ (২৬)।
এএসপি ফারুক আরও জানান, চক্রটি বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে ওই যুবকদের টেকনাফে নিয়ে যায়। পরে তারা বুঝতে পারেন, তারা আসলে গণ অপহরণের শিকার হয়েছেন। তখন তারা অপহরণকারীদের সঙ্গে ধস্তাধস্তি করে কৌশলে পালিয়ে র্যাব ক্যাম্পে আশ্রয় নেন এবং অভিযোগ দাখিল করেন। তিনি বলেন, অপহরণ চক্রটি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সক্রিয়। তারা মানুষকে বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায় করত। পালিয়ে আসা তিন যুবকের বুদ্ধিমত্তা ও সাহসিকতার কারণেই চক্রটির একাংশ ধরা সম্ভব হয়েছে। এই ঘটনায় ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply