তাজরিন আক্তার মুন্নি মানিকগঞ্জ প্রতিনিধি
দীর্ঘ চার বছর বন্ধ থাকার পর সংস্কার ও আধুনিকায়নের মাধ্যমে শিশুদের জন্য আবারও উন্মুক্ত হলো মানিকগঞ্জ শহরের ঐতিহ্যবাহী মুক্তিযোদ্ধা পৌর শিশুপার্ক।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে পার্কটির উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রিতা।
শহরের শহীদ রফিক সড়কসংলগ্ন জেলা প্রশাসন পরিচালিত মুক্তিযোদ্ধা শিশু পার্কটি দীর্ঘদিন অবহেলা ও অযত্নে পড়ে ছিল। একসময় শিশুদের খেলাধুলা ও বিনোদনের অন্যতম স্থান হলেও সময়ের সঙ্গে পার্কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এমনকি সেখানে মাদকসেবীদের আড্ডা বসার অভিযোগও ছিল।
দীর্ঘদিন পর সংস্কারকাজ সম্পন্ন করে পার্কটি শিশুদের খেলাধুলা ও বিনোদনের উপযোগী করে পুনরায় চালু করায় স্থানীয় শিশু-কিশোর ও অভিভাবকদের মধ্যে আনন্দ দেখা গেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, নির্বাচনের আগে পার্কটি সংস্কার করে শিশুদের জন্য উন্মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পেরে তিনি আনন্দিত। বিশেষ করে শিশুরা পার্কে এসে আনন্দের সঙ্গে সময় কাটাচ্ছে—এটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। মানিকগঞ্জ শহরে শিশুদের খেলাধুলা ও বিনোদনের পর্যাপ্ত জায়গা ছিল না।শিশুরা পরিবার নিয়ে ভালো একটা সময় কাটাতে পারবে। সেক্ষেত্রে পার্কটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
পুনরায় পার্কটি চালু সংস্কার ও উদ্বোধনের কাজে সহযোগিতার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানান মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
দীর্ঘদিন পর পার্কটি পুনরায় চালু হওয়ায় মানিকগঞ্জ শহরের শিশুদের বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।