1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

বালুখালী সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, কাদায় লুকানো ৩০ হাজার ইয়াবা উদ্ধার

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পঠিত

উখিয়া প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে কাদার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি সীমান্ত অতিক্রম করে মিয়ানমারে পালিয়ে যায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ মেহেদী হাসান, এসজিপি, বিপিএমএস-এর পরিকল্পনা ও নির্দেশনায় উখিয়ার বালুখালী সীমান্তের দমনখালী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে রাত আনুমানিক ১১টার দিকে অত্যাধুনিক প্রযুক্তির সহায়তায় শূন্যরেখার কাছাকাছি দুই সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি শনাক্ত করেন বিজিবি সদস্যরা। পরে বিশেষ টহল দলের সদস্যরা কৌশলগত অবস্থান নেন। বিজিবির উপস্থিতি আঁচ করতে পেরে সন্দেহভাজন ব্যক্তিরা রাতের অন্ধকারে নাফ নদী অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে কাদার মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগটি তল্লাশি করে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

বিজিবির তৎপরতা ও কৌশলগত অভিযানের ফলে মাদকের চালানটি দেশের অভ্যন্তরে প্রবেশের আগেই উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের ঘটনায় উখিয়া থানায় মামলা দায়ের করে তা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে নিরাপত্তা জোরদার এবং মাদক চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..