1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

বগুড়ায় সবজির দাম চড়া, বিক্রেতারা দুষছেন বৃষ্টিকে

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

বগুড়া ব্যুরো

গেল কয়েক দিন আগের বৃষ্টির কারণে খেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সরবরাহ তুলনামূলক কম হওয়ায় বাজারে এখনো চড়া দামে সবজি বিক্রি হচ্ছে। কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। এতে করে ভোগান্তি কাটছে না নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের।

ক্রেতাদের অভিযোগ, কিছুদিন আগেও সবজির দাম কম ছিল। এখন আবার বাড়তির দিকে। শীতের সময় সবজির সর্বোচ্চ কম দাম থাকার কথা। অথচ এখন সবজির দাম ৬০ থেকে ১২০ টাকার ঘরে। ‌

এদিকে বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক বৃষ্টিপাতে সবজির আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ায় বাজারে সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে। তবে অল্প কয়েক দিনের মধ্যে দাম আবারও কমে আসতে পারে।

শুক্রবার (২৭ নভেম্বর) বগুড়া শহরের ফতেহ আলী বাজার, রাজাবাজার, কলোনি ও খান্দারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, প্রায় সব ধরনের সবজিই বাড়তি দামে বিক্রি হচ্ছে। মৌসুমের নতুন বেগুনের দাম বেড়ে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে; যা গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হয়েছে। ফুলকপি ও পটলের দাম বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। অর্থাৎ কয়েক দিনের ব্যবধানে এসব সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে।

বাজারে পুরোনো আলু মানভেদে ২০ থেকে ৩০ টাকা, নতুন আলু জাতভেদে ১৪০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা এবং নতুন পাতাপেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৪০ টাকার শিম এখন ৬০ থেকে ৭০ টাকা। ঝিঙা ও চিচিঙ্গা ৬০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া বরবটি ও করলার দাম বেড়ে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা হয়েছে। গাজর ১২০ টাকা, শসা ৪০ থেকে ৫০ টাকা এবং টমেটো ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আদা ১২০ থেকে ১৬০ টাকা এবং রসুন ১২০ থেকে ২০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

রাজাবাজারের সবজি ব্যবসায়ী শফিকুল ইসলাম জানান, কয়েক দিন আগের আকস্মিক বৃষ্টির কারণে ফসলের খেতে সবজিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে গেছে। যে কারণে সবজির দাম বাড়তি যাচ্ছে। তবে সব সময় এটা থাকবে না। কয়েক দিনের মধ্যেই বাজারে শীতের সবজিগুলো উঠতে শুরু করবে। তখন আবার সবজির দাম কমে যাবে।

এদিকে সবজির পাশাপাশি অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও ঊর্ধ্বগতির চিত্র দেখা গেছে। বাজারে ফার্মের মুরগির ডিমের হালি ৪৪ টাকা, ব্রয়লার মুরগি ১৮০ টাকা, কক মুরগি ২৭০ থেকে ৩০০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারে দেড় থেকে দুই কেজি ওজনের রুই মাছ ৩৫০ থেকে ৩৮০ টাকা এবং আড়াই থেকে তিন কেজি ওজনের কাতল মাছ ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকা এবং শিং মাছ ৩৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া গরুর মাংস ৭৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে সবজি কিনতে আসা মতিউর রহমান জানান, গত এক সপ্তাহ ধরে সব ধরনের সবজি বাড়তি দামে বিক্রি হচ্ছে। বাজারে শীতকালীন সবজি থাকলেও কম দামে কোনোটিই মিলছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..