নিজস্ব প্রতিবেদক:
এক ঘণ্টা পরীক্ষা চলার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের একটি পরীক্ষা বাতিল করা হয়েছে। আজ ১৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) অনার্স দ্বিতীয় বর্ষের দর্শন বিভাগের ইংরেজি পরীক্ষা চলাকালীন এই ঘটনা ঘটে।
জানা যায়, অনার্স দ্বিতীয় বর্ষ ২০২১-এর দর্শন বিভাগের পরীক্ষা শুরু হয়েছে। আজ ছিল ইংরেজি পরীক্ষা।
চলমান (নিয়মিত) শিক্ষার্থীদের নতুন সিলেবাসের এবং মানোন্নয়ন (অনিয়মিত) শিক্ষার্থীদের পুরাতন সিলেবাসের পরীক্ষা ছিল আজ। কিন্তু পরীক্ষায় শুধু নতুন সিলেবাসে প্রশ্ন আসাতে মানোন্নয়ন (অনিয়মিত) শিক্ষার্থীদের পরীক্ষা স্থগিত করা হয়।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের এক শিক্ষক কালের কণ্ঠকে জানান, প্রশ্ন বিন্যাসের সময় কিছু ভুল হয়েছিল, এ জন্য পরীক্ষাটি স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থীদের আবার নতুন করে এই পরীক্ষাটি হবে। এতে শিক্ষার্থীরা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। স্থগিত পরীক্ষাটি পুনরায় কবে হবে প্রশ্নে তিনি জানান, তারিখ এখনো ঠিক হয়নি। এটা পরে জানানো হবে।
এ বিষয়ে জানতে সাত কলেজের সমন্বয়ক ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যকে একাধিক কল করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Leave a Reply