বিনোদন ডেস্ক:
সমকামিতা বলতে সমলিঙ্গের ব্যক্তির প্রতি রোমান্টিক আকর্ষণ বা যৌন আকর্ষণকেই বোঝায়। নারী হয়ে আরেকজন নারীর সঙ্গে প্রেমে জড়ানো বা তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাওয়ার বাসনা ধর্মীয় ও সামাজিকভাবে স্বাভাবিক দৃষ্টিতে দেখা না হলেও অনেক নারীর কাছে এটি স্বাভাবিক। সেটি আবারও প্রমাণ করলেন দুই নারী মডেল ম্যারিয়ানা ভারেলা ও ফ্যাবিওলা ভ্যালেন্টিন। সম্প্রতি বিয়ে করেছেন তারা।
ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বিয়ের খবর প্রকাশ করেন এই সমকামী দম্পতি। ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের সম্পর্কটি গোপন রেখেছিলাম। ২৮ অক্টোবর ২০২২ ছিলো আমাদের বিশেষ দিন, সবাইকে জানিয়ে দিলাম।’
ভিডিওতে দেখা যাচ্ছে, বিভিন্ন সময় একসঙ্গে ছুটি কাটানোর মুহূর্তগুলো ফ্রেমবন্দী করেছেন তারা। পাশাপাশি বিয়ের মুহূর্তের কিছু অংশও যুক্ত করেছেন।
প্রসঙ্গত, ‘মিস আর্জেন্টিনা’ বিজয়ী ম্যারিয়ানা ভারেলা। ২০১৯ সালে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেন তিনি। অন্যদিকে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস পোয়ের্তো রিকো’র সেরা তিনে জায়গা করে নিয়েছিলেন ফ্যাবিওলা ভ্যালেন্টিন।
২০২০ সালে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’-এ অংশ নেন দুজন। এ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে সেরা দশে জায়গা পান তারা। এ প্রতিযোগিতার আসর থেকেই তাদের বন্ধুত্ব। পরবর্তীতে তা রূপ নেয় প্রেমে। অবশেষে পরিণয় পেলো তাদের সম্পর্ক।
Leave a Reply