1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

সুরমা সেতু ও দুটি পুলিশ ফাঁড়ির দাবি তুললেন সিলেট-৫ এমপি আবুল হাসান,

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১০৭ বার পঠিত

ইকবাল বাহার,কানাইঘাট প্রতিনিধি

জাতীয় সংসদে চলমান ২০২৬–২০২৭ অর্থবছরের বাজেট অধিবেশনে সাধারণ আলোচনায় অংশ নিয়ে সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য একাধিক উন্নয়ন দাবি উত্থাপন করেছেন।

আজ মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বাজেট আলোচনায় অংশ নেন মুফতি মোহাম্মদ আবুল হাসান। প্রায় সাত মিনিটের বক্তব্যে তিনি প্রস্তাবিত বাজেটের কিছু দিককে ইতিবাচক হিসেবে উল্লেখ করলেও বিভিন্ন বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে একগুচ্ছ দাবি তুলে ধরেন।

বক্তৃতার শুরুতেই তিনি প্রস্তাবিত বাজেটে কওমি মাদ্রাসার জন্য আলাদা বরাদ্দ না থাকায় উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দেশের বড় একটি জনগোষ্ঠী কওমি মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করলেও বাজেটে এ খাত উপেক্ষিত হয়েছে। এ বিষয়ে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানান তিনি।

এছাড়া মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম–মুয়াজ্জিনদের জন্য সরকারি ভাতা চালুরও আহ্বান জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকার অবকাঠামো সমস্যার কথা তুলে ধরে তিনি সিলেট-৫ আসনের বিভিন্ন সড়কের দ্রুত সংস্কার ও উন্নয়ন প্রকল্পের স্বচ্ছ বাস্তবায়নের ওপর জোর দেন।

কানাইঘাট উপজেলার ১ নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দীর্ঘদিনের যোগাযোগ সংকটের কথা উল্লেখ করে তিনি সুরমা নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানান। তাঁর মতে, এই সেতু নির্মিত হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে তিনি সিলেট-৫ আসনে দুটি পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাব দেন। এর মধ্যে একটি কানাইঘাটের গাছবাড়ী এলাকায় এবং অন্যটি জকিগঞ্জের শাহবাগ এলাকায় স্থাপনের দাবি জানান।

বক্তৃতার শেষাংশে তিনি সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে টেকসই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, প্রতিবছর নদী ভাঙনে হাজারো মানুষ ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হচ্ছে, তাই স্থায়ী সমাধান এখন জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..