1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

উখিয়ায় ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার, পিস্তল-গুলি ও ডুবন্ত ক্যারিয়ার জব্দ

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পঠিত

নুরুল আলম সিকদার

কক্সবাজারের উখিয়ায় ৬৪ বিজিবির পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে বিজিবি। অভিযানে মাদক পাচারে ব্যবহৃত বিশেষ কৌশলের একটি ডুবন্ত কাঠের ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, নয়টি কপিকল, উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও ইলেকট্রিক মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার আঞ্জুমানপাড়ায় মনিরের ঘের এলাকায় পালংখালী বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন কয়েকজনকে দেখে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। পরে বেলাল উদ্দিন (৩৫) ও খোরশেদ আলম (২৬) নামে দুজনকে আটক করা হয়।
পরে ঘটনাস্থল ও ঘেরের ঘরে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, একটি মোবাইল ফোন, নয়টি কপিকল, কাঠের তৈরি ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার স্টিলের তার, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি ইলেকট্রিক মোটরসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজিবির দাবি, মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা পাচারে ডুবন্ত কাঠের ক্যারিয়ারটি ব্যবহার করা হতো। ইলেকট্রিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে ক্যারিয়ারটি নদী ও আঁকাবাঁকা খাল পেরিয়ে দেশের ভেতরে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত নিয়ে আসার কৌশল তৈরি করেছিল চোরাকারবারিরা। উদ্ধার করা ক্যারিয়ারটিতে একসঙ্গে আনুমানিক ৩০ লাখ পিস ইয়াবা পরিবহনের সক্ষমতা ছিল বলে জানিয়েছে বিজিবি।
এদিকে মঙ্গলবার ভোর ৩টার দিকে বালুখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে সোহেলের ঘের এলাকায় অভিযান চালিয়ে রকি আহমেদ (২৬) নামে একজনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে দুই লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই দিনে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে মালিকবিহীন আরও ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি। সব মিলিয়ে পৃথক অভিযানে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, চলতি বছর এ পর্যন্ত প্রায় ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ২২৮ জনকে আটক করেছে উখিয়া ব্যাটালিয়ন। মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..