উখিয়া প্রতিনিধি
কবি জীবনানন্দ দাশ সিংহল সমুদ্র থেকে অশোকের বিম্বিসার—বিস্তীর্ণ পথ হেঁটে দু’দণ্ড শান্তি পেয়েছিলেন নাটোরের বনলতা সেনের কাছে। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আমিও তেমনই কিছুটা শান্তি পেয়েছিলাম উখিয়া কলেজে।
উখিয়া কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়—এটি আমার শিক্ষক হয়ে ওঠার আঁতুড়ঘর, আমার স্মৃতির ঠিকানা, সহকর্মীদের ভালোবাসা ও মায়ার বাঁধন, আর অসংখ্য ছাত্রছাত্রীর মমতায় গড়ে ওঠা আমার জীবনের এক আবেগময় অধ্যায়।
কায়মনের বাতিঘরে ভোরের হিমেল বাতাসের মতো যে ভালোবাসা একদিন আমাকে জড়িয়ে ধরেছিল, কাঁঠালের আঁঠার মতো সেই মায়া আজও ছাড়েনি। তাই আজ আবারও ফিরে এলাম—উখিয়া কলেজে, ২৪তম ব্যাচের বিএ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে।
বিদায় শব্দটি উচ্চারণ করা যত সহজ, বাস্তবে বিদায় দেওয়া ততটাই কঠিন। কারণ যারা একটি ব্যাচের শিক্ষার্থীদের হৃদয় দিয়ে ভালোবেসেছেন, তাদের জন্য সেই শিক্ষার্থীদের ভুলে যাওয়া কখনোই সহজ নয়। শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে না; এটি হৃদয়ের সঙ্গে হৃদয়ের এক অদৃশ্য বন্ধন।
প্রিয় ২৪তম ব্যাচের শিক্ষার্থীরা, আজ তোমাদের বিদায়ের দিন। তোমরা হয়তো এই কলেজের নিয়মিত শ্রেণিকক্ষ ছেড়ে যাবে, কিন্তু তোমাদের পদচারণা, হাসি, প্রশ্ন, দুষ্টুমি, সাফল্যের স্বপ্ন—সবকিছুই এই কলেজের স্মৃতির পাতায় থেকে যাবে।
মনে রেখো, জীবনে বড় হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া অনেক বড় অর্জন। জ্ঞান তোমাদের পথ দেখাবে, কিন্তু সততা তোমাদের সম্মান এনে দেবে; মেধা তোমাদের এগিয়ে নেবে, কিন্তু মানবিকতা তোমাদের মানুষের হৃদয়ে জায়গা করে দেবে।
জীবনের পথে অনেক বাধা আসবে। কখনো ব্যর্থতা আসবে, কখনো প্রিয় মানুষ হারানোর কষ্ট আসবে, কখনো মনে হবে পথটা খুব কঠিন। তখন থেমে যেও না। মনে রেখো—অন্ধকার যত গভীরই হোক, ভোর একদিন আসবেই।
তোমাদের কাছে আমার একটাই প্রত্যাশা—উখিয়া কলেজের নাম, তোমাদের পরিবার এবং তোমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে এমন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে। তোমাদের সাফল্যই হবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
আজকের এই বিদায় আসলে বিদায় নয়; এটি নতুন পথচলার সূচনা। তোমাদের জন্য উন্মুক্ত হচ্ছে জীবনের আরও বড় একটি অধ্যায়। সেই পথে তোমরা সততা, সাহস, দেশপ্রেম ও মানবিকতার আলো হাতে নিয়ে এগিয়ে যাবে—এই প্রত্যাশাই করি।
আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সম্মানিত অধ্যক্ষ শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধানবৃন্দ এবং প্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ।
সবার প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রেখে ২৪তম ব্যাচের প্রিয় শিক্ষার্থীদের বলছি—
তোমরা চলে যাবে, কিন্তু তোমাদের স্মৃতি থেকে যাবে।
তোমরা শ্রেণিকক্ষ ছাড়বে, কিন্তু এই কলেজ তোমাদের হৃদয়ে থেকে যাবে।
আর তোমাদের সাফল্যের প্রতিটি গল্পে—আমরা শিক্ষকরা খুঁজে নেব আমাদের স্বপ্নের পূর্ণতা।
আল্লাহ তোমাদের জীবনকে সুন্দর, সফল ও মানবিক করে তুলুন। তোমাদের আগামীর পথ হোক আলোকিত, নিরাপদ ও কল্যাণময়।
বিদায় নয়—আবার দেখা হবে।
উখিয়া কলেজের প্রিয় প্রাঙ্গণে, কোনো এক নতুন ভোরে।