_______
মোঃ মাহাবুব হাসান (মেহেরপুর প্রতিনিধি)
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের সহড়াতলা গ্রামে একটি ভাঙা কালভার্টেই যেনো মরণফাঁদ । সহড়াতলা হাড়াভাঙ্গা সড়কে ভারী যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সহড়াতলা মাদ্রাসা পাড়া ফকির বিশ্বাসের মোড় থেকে পূর্ব দিকে বাদশার বাড়ির সামনে অবস্থিত কালভার্টটি তদীর্ঘদিন ধরে ভেঙে পড়ে রয়েছে। রাস্তাটির ঠিক মাঝখানে কালভার্টটির বৃহৎ অংশ ধসে পড়ায় এই পথ দিয়ে ট্রাক, ট্রাক্টরসহ অন্যান্য ভারী যানবাহন যাতায়াত করতে পারছে না। ফলে ব্যবসা-বাণিজ্য ও কৃষি পণ্য পরিবহনে মারাত্মক স্থবিরতা দেখা দিয়েছে।
স্থানীয় অধিবাসীরা অভিযোগ করেন, কালভার্টের ভাঙা অংশটি সড়কের একদম মাঝখানে হওয়ায় বিশেষ করে রাতের আঁধারে চলাচলে তীব্র আতঙ্ক সৃষ্টি হচ্ছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা। কিন্তু দুঃখের বিষয় হলো, দীর্ঘদিন ধরে কালভার্টটি এই শোচনীয় অবস্থায় পড়ে থাকলেও এটি মেরামতে স্থানীয় কোনো রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কিংবা মেম্বার উদ্যোগ নেননি। দিন দিন ভাঙা অংশটি আরও বড় রূপ নিচ্ছে, তবুও যেন দেখার কেউ নেই।
এই বিষয়ে মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য নাজমুল হুদার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) অফিসে জানাতে বলেন,তাৎক্ষনিক কিছুই করতে পারবো না বলে তিনি সরাসরী জানিয়ে দেন।
অন্যদিকে তেঁতুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক জানান, এই বিষয়ে এলজিইডি অফিসে লিখিত দরখাস্ত দিতে হবে। তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার মতো কোনো বাজেট বা সিস্টেম ইউনিয়ন পরিষদের হাতে নেই। তবে এলাকাটি পরিদর্শন এবং ইউপি মেম্বারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য ছবি পাঠাতে বলেন,
এলাকাবাসীর দাবি, অবিলম্বে ঝুঁকিপূর্ণ এই কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণ করে স্বাভাবিক যানবাহন ও জনসাধারণের নিরাপদ চলাচলের সুব্যবস্থা নিশ্চিত করা হোক।