নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান বলেছেন, নারায়ণগঞ্জের মানুষ মাদকের ভয়াবহ যন্ত্রণায় অস্থিরতায় রয়েছে। পরিবার নিয়ে সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে, ছিনতাইকারীদের কবলে পড়ছে। চাঁদাবাজদের কারণে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছে না। এসব বিষয় নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ অভিযান পরিচালনা করছে। নারায়ণগঞ্জের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতার জন্য জেলা পুলিশ প্রস্তুত রয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ চাষাঢ়া রেলস্টেশন এলাকায় জেলা পুলিশের বিশেষ অভিযান পরিচালনার সময় তিনি এই মন্তব্য করেন।
এ সময় জেলা পুলিশের অভিযানে মাদকসহ ৯ জনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী, ডাকাত অস্ত্রধারী সন্ত্রাসী এবং যারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে জেলা পুলিশের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়েছে। প্রথম দিনে ১২২ জন, দ্বিতীয় দিনে ১১২ জনকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় দিনের মতো অপারেশন চলছে। থানার অফিসারদের নেতৃত্বে আমাদের অভিযান পরিচালিত হয়েছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে রাজনীতিবিদ ও সাংবাদিক সমাজ আমাদের অভিযানগুলো নিয়ে সাধুবাদ জানিয়েছে। এর পাশাপাশি বিভিন্ন সংগঠনের মানুষ আমাদের সহযোগিতা করছেন। বিভিন্ন স্থান থেকে অপরাধীদের বিষয়ে তথ্য পাচ্ছি। কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন, সেদিকে নজর রাখা হচ্ছে। মাদক স্পটগুলোর তালিকা নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে।