পঞ্চগড় জেলা প্রতিনিধি:
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের বোদা উপজেলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. বেলায়েত হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী অফিসার মো.বেলায়েত হোসেন দেশের চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে মানসম্মত প্রাণিজাত পণ্য রপ্তানির ওপর গুরুত্বারোপ করেন। নকল ও লাইসেন্সবিহীন পশুখাদ্য এবং ওষুধ বিক্রির বিষয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে প্রাণিসম্পদ কর্মকর্তাকে সঙ্গে নিয়ে পশুখাদ্য ও ওষুধ ব্যবসায়ীদের সাথে বসে সতর্ক ও দিকনির্দেশনা দেওয়া হবে এবং পরবর্তীতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।
তরুণ উদ্যোক্তাদের খামারমুখী হওয়াকে ইতিবাচক উল্লেখ করে ইউএনও আরও বলেন, চাকরির পেছনে না ছুটে তরুণরা খামার গড়ে তোলায় বেকারত্ব কমছে এবং গ্রামীণ অর্থনীতি স্বাবলম্বী হচ্ছে। নতুন ও প্রান্তিক খামারিদের মাঠপর্যায়ের চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর সরাসরি তাদের পাশে দাঁড়াবে বলেও তিনি আশ্বাস দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বলেন,
মো. ফরহাদ হোসেন বলেন, প্রাণিজাত পণ্য (দুধ, ডিম ও মাংস) বিদেশে রপ্তানির জন্য পশুকে রোগমুক্ত রাখা জরুরি। এজন্য সরকার ছাগলের পিপিআর রোগ নির্মূল ও গরুর ক্ষুরারোগ নিয়ন্ত্রণে কাজ করছে এবং সাভারে আন্তর্জাতিক মানের আইএসও (ISO) সনদপ্রাপ্ত কোয়ালিটি কন্ট্রোল ল্যাব স্থাপন করেছে। ডিম উৎপাদন ও রপ্তানির অগ্রগতি তুলে ধরে তিনি জানান, দেশে জনপ্রতি বছরে ১০৪টি ডিমের চাহিদার বিপরীতে বর্তমানে প্রায় ১০০টি ডিম উৎপাদিত হচ্ছে এবং আগামী এক-দুই বছরের মধ্যে দেশ উদ্বৃত্ত উৎপাদনে যাবে। ইতোমধ্যে পঞ্চগড় জেলা থেকে ২ লাখ পিস ডিম রপ্তানি শুরু হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া পশুখাদ্যের ব্যয় কমাতে রাস্তার পাশের পতিত জমিতে উন্নত জাতের ঘাস চাষ এবং কৃত্রিম প্রজনন (AI) প্রযুক্তির মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানোর জন্য খামারিদের পরামর্শ দেন।
অনুষ্ঠানে জানানো হয়, তিন দিনব্যাপী এই কর্মসূচির প্রথম দিনে র্যালি ও আলোচনা সভা, দ্বিতীয় দিনে গবাদিপশুর টিকাদান (ভ্যাকসিনেশন) ও কৃমিনাশক ওষুধ বিতরণ এবং তৃতীয় দিনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে দুধ ও ডিম খাওয়ানোর (স্কুল ফিডিং) কর্মসূচি পালিত হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বোদা উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল মান্নান, বোদা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসদ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় খামারি ও নতুন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।