নুরুল আলম সিকদার**
*উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে পালংখালী বাজার থেকে গ্রেফতার*
কক্সবাজারের টেকনাফে চাঞ্চল্যকর অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে (২৩) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী বাজারের নিউ জেন্টলম্যান জেন্টস পার্লার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প)-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ২০২৫ সালের ৫ ডিসেম্বর সংঘটিত টেকনাফ থানার অটোরিকশাচালক সৈয়দ মিয়া হত্যা মামলার প্রধান পলাতক আসামি মোহাম্মদ হোছাইন নিশানকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নিশান উখিয়ার পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম হান্নান মিয়া এবং মায়ের নাম মায়মুনা বেগম।
এসআরবি-১৫ আরও জানায়, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।