ইকবাল বাহার,কানাইঘাট প্রতিনিধি:
ফ্রান্সের প্যারিস মহানগর শাখা জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম ফয়জুল হক মেম্বারের জ্যেষ্ঠ পুত্র ও ফ্রান্স প্রবাসী সেলিম আহমেদ।
সম্প্রতি ফ্রান্স যুবদলের সভাপতি আহমেদ আব্দুল মালেক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লায়েক আহমেদ তালুকদারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৭১ সদস্যবিশিষ্ট প্যারিস মহানগর যুবদলের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত এ কমিটিতে সেলিম আহমেদকে সহ-সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করেও তিনি জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর সাংগঠনিক দক্ষতা, কর্মনিষ্ঠা এবং দলের প্রতি আন্তরিকতার স্বীকৃতিস্বরূপ এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করা হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।
সেলিম আহমেদের এ অর্জনে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নসহ সিলেটের রাজনৈতিক অঙ্গন, প্রবাসী বাংলাদেশি কমিউনিটি, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাঁকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
নবনির্বাচিত সহ-সাধারণ সম্পাদক সেলিম আহমেদের প্রতি শুভেচ্ছা জানিয়ে এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, তিনি প্রবাসে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিত করতে এবং দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে সৌহার্দ্য ও সাংগঠনিক যোগাযোগ আরও শক্তিশালী করতে তাঁর নেতৃত্ব ইতিবাচক অবদান রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেছেন।