শামছুর রহমান মনিরামপুর (যশোর)
যশোরের মনিরামপুরে রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং রাজগঞ্জ মোড়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন দোকান মালিককে গ্রেপ্তার করেছে।
বুধবার রাতে মনিরামপুর ও রাজগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাত ৮টার পর দোকান খোলা রাখা এবং ফুটপাত দখলের অভিযোগে বিজয়রামপুর গ্রামের জামালের দুই ছেলে চঞ্চল ও ফারুক এবং কাশিপুর গ্রামের ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে।
অভিযান চলাকালে ভ্রাম্যমাণ আদালত দোকানপাটের নির্ধারিত সময়, ফুটপাত দখল এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে কি না এসব বিষয় পরিদর্শন করেন।
সিংহভাগ দোকান খোলা থাকলেও মনিরামপুর ফল হাটে রাত ৮টার পর দোকান খোলা রাখার অভিযোগে শুধু মাত্র রুবেল হোসেন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
প্রশাসনের পক্ষ থেকে ব্যবসায়ীদের নির্ধারিত সময়ের পর দোকান না খোলা এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সতর্ক করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।