মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত সহিংসতার ঘটনায় পুলিশের বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় একটি ওয়ান শুটার গান, ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ ও চারটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে মোল্লাকান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মাকুহাটি গ্রামের মৃত মোশারফের ছেলে নবু (৫০), চরডুমুরিয়া গ্রামের জজ মিয়ার ছেলে শরিফ খান (৪৬), একই গ্রামের মৃত মোফাজ্জল বেপারীর ছেলে আমির হোসেন (৩৮), কংশপুরা গ্রামের মৃত বদরদ্দীন হাজীর ছেলে জসিম হাজী (৩৮) এবং একই গ্রামের মৃত হাসমত বেপারীর ছেলে আবু সাঈদ (৩০)।
পুলিশ জানায়, গ্রেফতার নবুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়। এছাড়া অপর আসামিদের কাছ থেকে মোট ২৩ রাউন্ড তাজা শর্টগানের কার্তুজ উদ্ধার করা হয়েছে। একই এলাকার বিভিন্ন স্থান থেকে চারটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।