1. nskibria2012@gmail.com : ns kibria : ns kibria
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

রংপুর ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে’

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ২১ বার পঠিত
২৫

রংপুর জেলা প্রতিনিধি,

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি বলেছেন, একনেকে পদ্মা ব্যারাজের জন্য বরাদ্দ পাশ হয়েছে। ইনশাল্লাহ আগামীতে তিস্তা মহাপরিকল্পনাও হবে। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনি প্রতিশ্রুতি দিয়েছেন, তাই একটু ধৈর্য ধরুন, অপেক্ষা করুন। তিস্তা মহাপরিকল্পনাও বাস্তবায়ন হবে।

সোমবার (১৮ মে) দুপুরে রংপুর শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, আমাদের পানিসম্পদ মন্ত্রণালয়ের তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জের মধ্যে একটি হচ্ছে ফারাক্কা চুক্তি, অন্যটি পদ্মা ব্যারাজ প্রকল্প এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা। আমাদের সরকার গঠনের মাত্র তিন মাস হয়েছে। তাই আমাদের সময় দিতে হবে। তাছাড়া মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য টেকনিক্যাল ও পরীক্ষা-নিরীক্ষার কিছু বিষয় আছে। যাচাই-বাছাই প্রক্রিয়া আছে, সেগুলো চলমান রয়েছে। আমরা সেগুলো করছি।

তিনি বলেন, চলতি বছরের আগামী ১১ ডিসেম্বর আমাদের ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ হবে। আমরা সেই চুক্তিটা পূণরায় বাস্তবায়ন করতে চাই। এখন পর্যন্ত যতগুলো ফারাক্কা চুক্তি হয়েছে, তার মধ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ে করা ১৯৭৭ সালের চুক্তিটি সবচেয়ে ভালো ও সময়োপযোগী ছিল। আমরা সেই আলোকে এবারও চুক্তি বাস্তবায়নের জন্য কথাবার্তা বলছি।

তিনি আরও বলেন, নতুন কুঁড়ি স্পোর্টস সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার মহতি উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী চান এই নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তৃণমূল থেকে উঠে আসা খেলোয়াড়রা যেন আগামী দিনে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, প্রত্যেকটা বাবা-মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হউক। অনেক অভিভাবকই চায় ছেলে-মেয়েরা পড়ালেখা শেষ করে চিকিৎসক হউক, কিংবা ইঞ্জিনিয়ার হোক। কিন্তু আমি বলতে চাই আপনি যদি দেখেন, আপনার সন্তান পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় আগ্রহ দেখাচ্ছে, খেলার প্রতি স্পৃহা, স্পিড ও মনোবল আছে, তাহলে তাকে অবশ্যই খেলাধুলায় সুযোগ দিন। আমি মনে করি ডাক্তার-ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি খেলোয়াড় হয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের এবং এলাকার জন্য তারা অবদান রাখাসহ অনেক সুনাম অর্জন করতে পারবে।

 

অনুষ্ঠানে রংপুরের বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ, জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর আঞ্চলিক পর্যায়ের এ প্রতিযোগিতায় রংপুর বিভাগের ৮ জেলার বিজয়ী দলসমূহ অংশ নিচ্ছেন। প্রতিযোগিতার ইভেন্টগুলো হলো : ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাবা, কাবাডি, মার্শাল আর্ট, অ্যাথলেটিক্স ও সাঁতার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..