1. nskibria2012@gmail.com : যুগ যুগান্তর : যুগ যুগান্তর kibria
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সাংবাদিক অপহরণ-মারধরের ঘটনায় আসামিদের গ্রেফতারের দাবিতে কক্সবাজারে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পঠিত

নুরুল আলম সিকদার
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের রামুতে অনুসন্ধানী প্রতিবেদন করতে গিয়ে তিন সাংবাদিককে অপহরণ, মারধর, জিম্মি করে মুক্তিপণ দাবি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলার আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার জেলা কোর্ট সংলগ্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং সাংবাদিক সংগঠনের নেতারা অংশ নেন।
সাংবাদিকদের অভিযোগ, গত ২৭ আগস্ট বিকেলে রামুর খুনিয়াপালং এলাকায় অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য সংগ্রহ শেষে কক্সবাজারে ফেরার পথে টোঙ্গারঢেবা সড়কে তিন সাংবাদিকের গতিরোধ করে একটি চক্র। পরে তাদের অপহরণ করে জিম্মি করা হয় এবং মুক্তিপণ দাবি করা হয়। একপর্যায়ে সাংবাদিকদের মারধর ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন বিষয়ে স্বীকারোক্তিমূলক ভিডিও ধারণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাংবাদিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদ ও স্থানীয় দৈনিক আপন কণ্ঠের স্টাফ রিপোর্টার মো. রমজান আলীর পক্ষে জাতীয় দৈনিক ঘোষণার কক্সবাজার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম বাদী হয়ে রামু থানায় মামলা করেন।
মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে খুনিয়াপালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মাবুদ, নুরুল আমিন নুরুসহ নয়জনকে আসামি করা হয়েছে। তবে মামলা দায়েরের পরও কোনো আসামি গ্রেফতার না হওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় অপহরণ, মারধর ও জিম্মি করার অভিযোগ অত্যন্ত গুরুতর। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি ঘটনার পর সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালানোরও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও দাবি করেন, ঘটনার প্রায় ১২ দিন পর তিন সাংবাদিককে আসামি করে পাল্টা মামলা করা হয়েছে। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানির ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধনে জাতীয় দৈনিক যুগান্তরের ভ্রাম্যমাণ প্রতিনিধি আবুল কাশেম, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদ, চ্যানেল এস-এর ব্যুরো প্রধান আয়াছ রনি, জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা সভাপতি খোরশেদ আলম, জেএটিভির জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদারসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
দীপ্ত টিভির জেলা প্রতিনিধি হারুনর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও আইন সুরক্ষা ফাউন্ডেশনের নেতারা বক্তব্য রাখেন।
মানববন্ধন থেকে সাংবাদিক নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলার প্রধান অভিযুক্তসহ সব আসামিকে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..