নাটোর প্রতিনিধি :
নাটোরের বড়াইগ্রামে অপহৃত প্রতিবন্ধী শিশু আলহাজ প্রামাণিককে ঢাকার রামপুরা থেকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় কামরুল হাসান নামে এক অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। আর আটক করা হয়েছে অপহরণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার।
মঙ্গলবার দুপুরে এ নিয়ে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করেন এসপি লিটন কুমার সাহা।
তিনি জানান, ২১ আগস্ট বড়াইগ্রাম উপজেলার বাগডোবা গ্রাম থেকে অপহৃত হয় প্রতিবন্ধী শিশু আলহাজ প্রামাণিক। পরে অজ্ঞাত একটি ফোন নম্বর থেকে শিশুটির বাবার কাছে ৪০লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। এ নিয়ে বড়াইগ্রাম থানায় একটি মামলা দায়ের করে শিশুটির বাবা ফাদিল প্রামাণিক।
পরে জেলা পুলিশের ৫টি টিম সোমবার রাতে বগুড়া, ঢাকার রামপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ঢাকার রামপুরা এলাকা থেকে অপহৃত প্রতিবন্ধী শিশু আলহাজ প্রামাণিককে উদ্ধার করা হয়। এসময় গ্রেফতার করা হয় বাগডোবা এলাকার জমিস উদ্দিনের ছেলে কামরুল হাসান নামে এক অপহরণকারীকে।
ব্রিফিংয়ে এসপি লিটন কুমার সাহা বলেন, অপহরণকারী কামরুল ইসলাম শিশু আলহাজ প্রামাণিকের চাচাতো মামা হয়। আড়াই বছর আগে কামরুল ৬ লাখ টাকা নিয়ে এক প্রবাসী মেয়েকে বিয়ে করে। পরে প্রবাসী মেয়েটি আত্মহত্যা করে। আত্মহত্যা প্ররোচনায় মামলায় গত এক মাস আগে জেল হাজতে যায় সে। সেখানেই ডাকাতিসহ ৫ মামলার আসামি বগুড়ার দুপচাঁচিয়া এলাকার রুবেল হোসেনের সঙ্গে পরিচয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠে।
পরবর্তীতে কামরুল ইসলাম এবং রুবেলের বাড়িতে আসা যাওয়ার ঘটনা ঘটে। এরপর কামরুল ইসলাম দ্রুত ধনী হওয়ার জন্য রুবেলের কাছে পরামর্শ দেয়। পরে প্রতিবন্ধী শিশু আলহাজ প্রামাণিক অপহরণ করার সিদ্ধান্ত নেয়। কারণ শিশুটির বাবার ১০বিঘা জমি আছে।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত এসপি খায়রুল ইসলাম বলেন, শিশুটিকে কামরুল হাসান অপহরণ করে হাটিকুমরুল পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এরপর সেখান থেকে রুবেল হোসেন শিশুটিকে ঢাকার রামপুর এলাকায় তার শ্যালকের বাড়িতে রাখে। সব প্রযুক্তির সহায়তা আমরা শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পেরেছি। ঘটনার সঙ্গে জড়িত রুবেল হোসেনকে আটকের চেষ্টা করা হচ্ছে। পরে গ্রেফতারকৃত কামরুল হাসানকে আদালতে সোপর্দ করা হলে ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করেন আদালত।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত এসপি তারেক যুবায়ের, বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত এসপি খায়রুল ইসলাম, বড়াইগ্রাম থানার ওসি নজরুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply