চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া পৌরশহর চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটে দিনদুপুরে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা মন্তী রাণী শীল (৭০) নামের নারীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ সর্বস্ব ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনাটি ঘটে।
মন্তী রাণী শীল পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়া পাড়ার আরাধন সুশীলের স্ত্রী। চকরিয়া থানায় মন্তী রাণী শীলের দেয়া অভিযোগে তিনি উল্লেখ করেছেন, তিনি ও তার পুত্রবধূ রূপালী সুশীল রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার থেকে একটি বাসে করে গিয়ে চকরিয়া পৌরশহরের চিরিংগা বাণিজ্যিক কেন্দ্র সমবায় সমিতি মার্কেটের সামনে নেমে যায়। তখন তারা কিছু কেনাকাটা করার উদ্দেশ্যে সমবায় সমিতি মার্কেটে প্রবেশ করে।
এ সময় দুইজন ছিনতাইকারী মন্তী রাণী শীলের হাত চেপে ধরে ছুরি দেখিয়ে তার ১ ভরি ৪ আনা ওজনের ৮২ হাজার টাকা মূল্যের একটি বালা, ৮ আনা ওজনের ৩৩ হাজার ৭৫০ টাকা মূল্যের একটি কানের দুল ও নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নিয়ে চম্পট দেয়। তিনি ছিনতাইকারীদের কবল থেকে রক্ষার্থে সাহায্যের জন্য চিৎকার দিলেও কেউ এগিয়ে না যাওয়ায় ছিনতাইকারীদের ধরা সম্ভব হয়নি।
এ ব্যাপার চকরিয়া থানার ডিউটি অফিসার এস আই কামাল বলেছেন, দেখি টহল পুলিশ থানায় আসলে তাদেরকে ঘটনাস্থলে পাঠানো যায় কিনা।
Leave a Reply