বিনোদন প্রতিবেদক :
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।
দুপুর ১টায় অপু এফডিসির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই তাকে দেখে দৌড়ে আসে চিত্রনায়ক ফেরদৌস। অপুকে হাসিমুখে বরণ করে নেন ফেরদৌস। সেটাই স্বাভাবিক। কারণ তিনি কাঞ্চন-নিপুণ প্যানেলের সক্রিয় সমর্থক।
এফডিসিতে এসেই আসল কাজটা সারেন অপু বিশ্বাস। ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পরই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। তিনি এফডিসিতে প্রবেশ করেই জানালেন, এফডিসিতে এসে তার ভালো লাগছে।
নির্বাচন নিয়ে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, খুব ভালোভাবে ভোটগ্রহণ চলছে। যারা নির্বাচন করছেন তারা সবাই আমার খুব কাছের মানুষ। দুই প্যানেলের সবাই আমার পরিচিতজন। প্রায় সবার সঙ্গেই কাজ করা হয়েছে। সবার জন্যই শুভ কামনা থাকবে।
আরো পড়ুন> ভোটারদের টাকা দেওয়ার অভিযোগে যা বললেন জায়েদ খান
এদিকে নির্বাচন নিয়ে এফডিসির দুই প্যানেলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে অপু বিশ্বাস বলেন, যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা সবাই আমার কাছের। আর আমি এর ওর পেছনে লেগে থাকা বা ছোড়াছুড়ি আমি পছন্দ করি না। সবাই সহাবস্থান বজায় রেখে বন্ধুত্বপূর্ণভাবে নির্বাচন করবেন এমনটাই প্রত্যাশা করি।
তারকা অভিনয়শিল্পীদের সমন্বয়ে গড়া দুটি প্যানেল অংশ নিয়েছে এই নির্বাচনে। বিএফডিসিতে অবস্থিত শিল্পী সমিতির স্টাডি রুমে ভোট চলে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে ৪২৮ জন ভোটার ২১টি পদে তাদের প্রতিনিধি বাছাই করবেন।
নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এই প্যানেল থেকে সাধারণ সম্পাদক পদে প্রার্থী চিত্রনায়িকা নিপুণ।
অন্যদিকে মিশা-জায়েদ প্যানেল থেকে সভাপতি পদে প্রার্থী খলচরিত্রের অভিনেতা মিশা সওদাগর। এই প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী জায়েদ খান।
দুটি সহ-সভাপতি পদে কাঞ্চন-নিপুণ পরিষদের প্রার্থী রিয়াজ ও ডি এ তায়েব। অন্যদিকে এই দুই পদে মিশা-জায়েদ প্যানেলের প্রার্থী মাসুম পারভেজ রুবেল ও খলচরিত্রের অভিনেতা ডিপজল।
সহ-সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে লড়ছেন কাঞ্চন-নিপুন পরিষদের যথাক্রমে সাইমন ও শাহনূর। এই দুই পদে মিশা-জায়েদ পরিষদের প্রার্থী যথাক্রমে সুব্রত ও আলেকজান্ডার বো।
এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী নিরব ও জয় চৌধুরী। দপ্তর ও প্রচার সম্পাদক পদে আরমান ও জ্যাকি আলমগীর। ইমন ও জাকির হোসেনের লড়াই হবে সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বী ফরহাদ ও আজাদ খান।
১১টি কার্যনিবার্হী সদস্য পদের জন্য নির্বাচনে লড়ছেন ২৪ জন। তারা হলেন— অঞ্জনা, অরুণা বিশ্বাস, অমিত হাসান, আলীরাজ, আফজাল শরীফ, আসিফ ইকবাল, কেয়া, গাংগুয়া, চুন্নু, জেসমিন, ডন, নাদির খান, নানা শাহ, ফেরদৌস, বাপ্পারাজ, মৌসুমী, হরবোলা, রোজিনা, শাকিল খান, সুচরিতা, সাংকুপাঞ্জা, সীমান্ত ও হাসান জাহাঙ্গীর।
শিল্পী সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন পীরজাদা হারুন। কমিশনের বাকি দুই সদস্য বি এইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী।
নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন আপিল বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply