শিক্ষাঙ্গন প্রতিবেদক :
জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অংশ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার এর প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অ্যাকাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতর কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ শুরু হয়। ২৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ৯৫ জন কর্মচারী অংশগ্রহণ করেন।
এই প্রশিক্ষণের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আবদুস সালাম হাওলাদার।
তিনি বলেন, যে কোনো প্রতিষ্ঠানের দক্ষ মানবসম্পদ উন্নয়নের জন্য প্রশিক্ষণ অত্যাবশ্যকীয়। প্রশিক্ষণ ছাড়া কাঙ্খিত ফল কর্মীদের কাছ থেকে পাওয়া যায় না। প্রশিক্ষণই একজন কর্মীর সব কিছু বদলে দিতে পারে। বিশ্ববিদ্যালয়ে মানবসম্পদ উন্নয়নের এই কার্যক্রম অব্যাহত গতিতে চলবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সভাপতিত্বে ও আইসিটি দফতরের সহকারী সিস্টেম অ্যানালিস্ট মো. হায়দার আলীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত ছিলেন মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দফতরের পরিচালক জয়ন্ত ভট্টাচার্য্য, আইসিটি দফতরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দফতরের পরিচালক হোসনেয়ারা বেগম, এস্টেট দফতরের পরিচালক হাসান আমীর আহমেদ।
এদিকে গতকাল সোমবার (৩০ মে) বিশ্ববিদ্যালয়ের উচ্চমান সহকারীদের ২৫দিন ব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে। এটি শুরু হয় ১১ এপ্রিল। এই প্রশিক্ষণে ৭৭ জন উচ্চমান সহকারী অংশগ্রহণ করেন। ২৩ জন রিসোর্স পার্সন ছিলেন।
এছাড়া একই দিনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম আরো সহজ ও সুশৃঙ্খল করার জন্য ‘এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস)’ এর উপরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
এই প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক, সিনিয়র সিস্টেম এনালিস্ট, সিনিয়র প্রোগ্রামার, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
Leave a Reply