নিজস্ব প্রতিবেদক :
চলতি মাস জুনেই আদি বুড়িগঙ্গার চ্যানেল পুনঃখনন শুরু করার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বুধবার রাজধানীর কালু নগরের কোম্পানিঘাট স্লুইসগেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।
ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আদি বুড়িগঙ্গা পুনঃখনন কার্যক্রমের দরপত্র সম্পন্ন করার প্রক্রিয়ায় রয়েছে। আমরা আশাবাদী, দখলমুক্ত করে জুন মাসের মধ্যেই এটি উদ্বোধন করতে পারবো। বুড়িগঙ্গার চ্যানেলে যত ধরনের দখল রয়েছে; বড় কারখানা, ব্যক্তিগত দখলসহ সব দখল মুক্ত করে পুরো আদি বুড়িগঙ্গা চ্যানেলের সীমানা নির্ধারণ করে পুনঃখনন কাজ শুরু করবো।
তিনি আরো বলেন, আমরা এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় একর জমি দখলমুক্ত করেছি। খালের মুখ যেখানে ১০০ ফুট ছিল সেগুলো দখল করে তা ৮ ফুট পর্যন্ত কমিয়ে আনা হয়েছিল। আমরা সেগুলো দখলমুক্ত করেছি। অবৈধভাবে নির্মিত ১০ তলা ভবনও আমরা ভেঙে ফেলেছি। সুতরাং যখন আমরা দখলমুক্ত শুরু করবো ইনশাআল্লাহ আমরা দখলমুক্ত করে, অবমুক্ত করে, পূর্ণাঙ্গরূপে আদি বুড়িগঙ্গাকে আগের অবস্থানে নিয়ে আসবো এবং নান্দনিক পরিবেশ সৃষ্টি করবো।
আগামী বর্ষা মৌসুমকে লক্ষ্য করে স্লুইসগেটগুলো সংস্কার করা হচ্ছে জানিয়ে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, স্লুইসগেটগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর প্রক্রিয়া বাকি আছে। কিন্তু বর্ষা মৌসুম তো থেমে থাকবে না। আপনারা জানেন যে, সরকারি আনুষ্ঠানিক প্রক্রিয়ায় একটু বিলম্ব হয়। কিন্তু সিদ্ধান্ত যেহেতু হয়েছে তাই এ স্লুইচগেটগুলো আমাদের হস্তান্তর করা হবে। এরই মধ্যে কিভাবে সেগুলো সচল রাখা যায়, আমরা সেই প্রক্রিয়া নিয়ে নিয়েছি।
এর আগে, নগরীর নাসিরাবাদে অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের উদ্বোধনের পর মেয়র ব্যারিস্টার শেখ তাপস সাংবাদিকদের লেন, আজকের এই উদ্বোধনের মাধ্যমে ৫৩টি বর্জ্য স্থানান্তর কেন্দ্র নির্মাণ সম্পন্ন করলাম। এ বছরের মধ্যে বাকিগুলো সম্পন্ন করতে পারবো বলে আমরা আশাবাদী।
Leave a Reply