নারায়ণগঞ্জ প্রতিনিধি :
বন্যাদুর্গতদের জন্য নির্মিত অবশিষ্ট ৩০টি রেসকিউ বোট দ্বিতীয় দফায় হস্তান্তর করেছে নারায়ণগঞ্জ বন্দর ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি. (ডিইডব্লিউ লি.)।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেল ৩টার দিকে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জন্য নির্মিত এক্সেসিবল রেসকিউ বোটের মধ্যে অবশিষ্ট ৩০টি বোটের হস্তান্তর করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী ডা. এনামুর রহমান এমপি। তিনি বলেন, মান ঠিক রেখে কাজ করছে ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি.। আগামী দুর্যোগ মোকাবিলা করার জন্য আরো ৪০০ বোট তৈরি করা হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, সহকারী নৌ-প্রধান (ম্যাটেরিয়াল), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক আতিকুল হকসহ অন্যান্যরা।
২০২০ সালের ২১ জুলাই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সঙ্গে ডিইডব্লিউ লি., নারায়ণগঞ্জের মধ্যে ৬০টি রেসকিউ বোটের জন্য সর্বমোট ২৭ কোটি টাকা মূল্যের চুক্তি স্বাক্ষরিত হয়। ৫৪ ফুট দীর্ঘ, ১২ দশমিক ৫ ফুট প্রস্থ এবং ৭ নট গতির এই রেসকিউ বোটগুলি ৮০ জন ধারণ ক্ষমতাসম্পন্ন। যার মাধ্যমে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ কবলিত অঞ্চলসমূহের জনগণকে দ্রুততম সময়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা সম্ভব হবে।
এছাড়া বোটগুলো যেকোনো দুর্যোগসহ নানাবিধ সেবা প্রদান করতে সক্ষম। বোটগুলোর ড্রাফট অত্যন্ত কম হওয়ার দেশের বিভিন্ন সরু নদী পথে এবং প্রত্যন্ত অঞ্চলসমূহে বন্যা দুর্গতদের সেবায় যাতায়াত করাসহ যেকোনো স্থানে ল্যান্ডিং করার মাধ্যমে দুর্গত এলাকায় উদ্ধার কাজ চালাতে সক্ষম।
বোটগুলোতে থাকছে ফিজিক্যাল চ্যালেঞ্জড কিংবা আহত ব্যক্তিদের জন্য হুইল চেয়ার ও ওয়ার্কিং ফ্রেম।
Leave a Reply