নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিন্ডিকেট, একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল নিরঙ্কুশ জয় পেয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোটগ্রহণের পর উপাচার্যের প্রতিনিধি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ ফলাফল ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট, একাডেমিক পরিষদ ও ফাইন্যান্স কমিটির শিক্ষক নির্বাচনে সিন্ডিকেটের ৬টি পদ, একাডেমিক পরিষদের ৬ পদ এবং ফাইন্যান্স কমিটির ১টি পদসহ সবকটিতেই সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীলদল।
অন্যদিকে বিএনপিপন্থী সাদা দল থেকে কোন শিক্ষক জয়ী হননি।
সিন্ডিকেটে জয়ী যারা: প্রভোস্ট ক্যাটাগরিতে হাজী মুহম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুর রহমান ৭৭৫ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নিজামুল হক ভূইয়া ৭৯৮ ভোট, সহযোগী অধ্যাপক পদে লোক প্রশাসন বিভাগের আবু হোসেন মুহম্মদ আহসান ৮৮৫ ভোট, সহকারী অধ্যাপক পদে তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মোহাম্মদ শরিফ উল ইসলাম ৭৮৬ ভোট পেয়ে এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন পদে নীল দলের আহ্বায়ক অধ্যাপক ও বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আব্দুস ছামাদ, প্রভাষক পদে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাহিন মোহিদ নির্বাচিত হন।
একাডেমিক পরিষদে যারা জয়ী: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাত রহমান ৮০৩, আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক বিপুল চন্দ্র দেবনাথ ৬৭৬, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মন্দিরা চৌধুরী ৭৩২, ওষুধ প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক ড. আ স ম মনজুর আল হোসেন ৮৭৮, আইন বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম আশরাফুজ্জামান ৮৫১ এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মমিন ইসলাম ৭৫১ ভোট পেয়ে জয়ী হন।
ফাইন্যান্স কমিটিতে ফলিত গণিত বিভাগের অধ্যাপক সিনেট সদস্য অধ্যাপক ড মো. শফিকুল ইসলাম ৭০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সাদা দলে প্রভোস্ট ক্যাটাগরিতে স্যার পি. জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রাধ্যক্ষ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আই বি এ) অধ্যাপক ড. মো. মহিউদ্দিন ৪২০ ভোট, অধ্যাপক ক্যাটাগরিতে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ও সিনেট সদস্য মো. লুৎফর রহমান ৪২০ ভোট, সহযোগী অধ্যাপক পদে একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের আল-আমিন ৩২৪ ভোট, সহকারী অধ্যাপক পদে বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ড. শাফী মো. মোস্তফা ৩৭২ ভোট পেয়েছেন।
একাডেমিক পরিষদে সাদা দলের সহযোগী অধ্যাপক ক্যাটাগরিতে মৃৎশিল্প বিভাগের দেবাশীষ পাল ৩০৪ ভোট, একাউন্টিং ইনফরমেশন সিস্টেমস বিভাগের ড. মো. সাইফুল আলম ৪৩১ ভোট, মনোবিজ্ঞান বিভাগের সৈয়দ তানভীর রহমান ৪০৯ ভোট, আর সহকারী অধ্যাপক বা প্রভাষক ক্যাটাগরিতে মার্কেটিং বিভাগের আলী মোহাম্মদ কাওসার ৪২২ ভোট পেয়েছেন। ফাইন্যান্স কমিটিতে ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ৪৫৬ ভোট পেয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর আর্টিক্যাল ২৩ (১) (ডি) এবং ২৩ (২) অনুযায়ী সিন্ডিকেটে ডিন, প্রভোস্ট, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে ১ জন করে ৬ পদে নির্বাচিত হবেন এবং আর্টিক্যাল ২৬ (১) (এইচ) অনুযায়ী একাডেমিক পরিষদে সহযোগী অধ্যাপক পদে তিনজন এবং সহকারী অধ্যাপক বা প্রভাষক পদে তিনজন নির্বাচিত হবেন। এছাড়া আর্টিক্যাল ৩১ (৩) অনুযায়ী একজন ফাইন্যান্স কমিটিতে নির্বাচিত হবেন।
Leave a Reply