নিজস্ব প্রতিবেদক :
গত দুদিনের ধারাবাহিকতায় বুধবার সকাল থেকেই রাজধানীজুড়ে চলছে বৃষ্টি। থেমে থেমে হচ্ছে এই বৃষ্টি। আর সাত সকালের এই বৃষ্টিতে রাজধানীর কর্মজীবী মানুষদের বিড়ম্বনা পোহাতে হচ্ছে। আপাতত বৃষ্টি নিয়েও আবহাওয়া অফিসের নেই তেমন সুখবর।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বুধবারও ঢাকাসহ প্রায় সারাদেশে দিনভর বৃষ্টি থাকতে পারে।
ভারতের স্থলভাগে থাকা সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আগেই সারাদেশে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। তবে বৃষ্টির প্রবণতা বৃহস্পতিবার থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ভারি বৃষ্টির কারণে রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ী, ডেমরাসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোনো কোনো সড়ক তলিয়ে গেছে পানির নিচে। বৃষ্টি মুখর সকালে চরম দুর্ভোগকে পড়তে হয়েছে অফিসগামী নগরিকদের।
বুধবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
অন্যদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে অধিদফতর জানায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া ও বিজলি চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
আবহাওয়া বিভাগ আরো জানায়, ভারতের দক্ষিণ মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরো পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে এটি মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো পশ্চিম উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে।
Leave a Reply