জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইতিহাস বিভাগের সুবর্ণজয়ন্তী ও তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হবে আগামী ১৭ ডিসেম্বর। বিভাগটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগ সূত্রে বলছে, বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সভায় বিভাগের চেয়ারম্যান ও বিভাগীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ মোজাহিদুল ইসলাম তৃতীয় পুনর্মিলনী ও সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটি ঘোষণা করেন। কমিটির আহ্বায়ক হিসেবে ইতিহাস বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মো. জাহাঙ্গীর আলমকে মনোনীত করা হয়েছে। জাহাঙ্গীর আলম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি জাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন সাভার উপজেলার প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্বে রয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রস্তাব এবং সমর্থনের মাধ্যমে আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে, আমার একার পক্ষে তা পালন কঠিন। সবাই পাশে থেকে সহযোগিতা করলে সুন্দরভাবে আয়োজন সম্পন্ন সম্ভব। আমি চাই, পুরো বাংলাদেশ জানুক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস নামে একটি বিভাগ আছে। সারা বিশ্বে জাহাঙ্গীরনগরের যত অ্যালামনাই আছে, তারা যেন জানে জাবির ইতিহাস বিভাগ একটি অনুষ্ঠান করছে।’
এ সময় অন্যান্যের মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. একেএম শাহনাওয়াজ, অধ্যাপক ড. এটিএম আতিকুর রহমান, অ্যালামনাই সদস্যবৃন্দ এবং ইতিহাস বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply