বিনোদন ডেস্ক :
ভারত থেকে অস্কারে মনোনীত ছবি ‘ছেল্লো শো’ বা ‘দ্যা লাস্ট ফিল্ম শো’তে শিশু অভিনেতার ভূমিকা ছিল রাহুল কোলির। ১৪ অক্টোবর মুক্তি পাবে ছবিটি। তবে নিজের ছবির মুক্তি দেখে যাওয়া হলো না তার।
মরণব্যাধি ক্যানসার কেড়ে নিয়েছে শিশু অভিনেতা রাহুলের প্রাণ। রাহুলের বয়স হয়েছিল ১৫ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাহুল কোলি গুজরাটের বাসিন্দা। লিউকেমিয়া ক্যান্সারে আক্রান্ত হয়ে গত চার মাস ধরে সে চিকিৎসাধীন ছিল। গত ২ অক্টোবর আহমেদাবাদের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।
রাহুলের বাবা রামু কোলি জানিয়েছেন, মৃত্যুর আগে বারবার জ্বরে আক্রান্ত হয় রাহুল। মৃত্যুর দিন সকালেও খাবার খায় রাহুল। এর কয়েক ঘণ্টার মধ্যেই বারবার জ্বর শুরু হয়। তিনবার রক্তবমি করে সে। এরপর ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। ঢলে পড়ে মৃত্যুর কোলে।
ছেলেকে হারিয়ে বিধ্বস্ত রাহুলের পরিবার। তার বাবা জানিয়েছেন, রাহুলের শেষকৃত্যের পর তার শেষ সিনেমা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে দেখবেন।
Leave a Reply