নিজস্ব প্রতিবেদক:
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ইদানিং আমরা কেন যেন অসহিষ্ণু হয়ে যাচ্ছি। আমাদেরকে এই অসহিষ্ণুতা পরিত্যাগ করতে হবে। বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে।
রোববার (২৯ জানুয়ারি) সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আইনজীবীদের তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা কারণে-অকারণে অসহিষ্ণু হয়ে উঠছেন এ কথা শুনতে চাই না। আমি বলতে চাই না কার দোষ, কার দোষ না। আমি বলতে চাই যে, আমরা এমন কোনো কাজ করব না যাতে জুডিশিয়ারি ক্ষতিগ্রস্ত হয়, জনগণ কিংবা বিচার প্রার্থী ক্ষতিগ্রস্ত হয়।
তিনি বলেন, আইনজীবীরা যদি আদালতকে সম্মান করেন তাহলে আদালত সম্মানিত হবে। আর আদালত যদি আইনজীবীকে সম্মান করেন তাহলে আইনজীবীরা সম্মানিত হবেন। তাই একে অপরকে সম্মান করে কথা বলা উচিত। অসহিষ্ণু না হয়ে আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সবাই মিলে জুডিশিয়ারির সম্মান রক্ষা করতে হবে। জুডিশিয়ারিকে হেফাজত ও শক্তিশালী করা আমার একার পক্ষে সম্ভব না। এ ক্ষেত্র সবাইকে সহযোগিতা করতে হবে।
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. মোমতাজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি মো. নূরুজ্জামান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
আইনজীবীদের জন্য প্রতি বছর ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি। এরই ধারাবাহিকতায় এবার এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতায় লুডু, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, পুলসহ বিভিন্ন ইনডোর খেলা অনুষ্ঠিত হবে।
Leave a Reply