নিজস্ব প্রতিবেদক:
৪০ বছর ধরে বেদখলে থাকা ১৫ একর জমি উদ্ধার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সিটি কর্পোরেশনের মালিকানাধীন ১৪ নম্বর আউটফল ক্লিনার কলোনি এবং সিটি পল্লির এসব জমি বিগত ৪০ বছর ধরে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠী ভোগদখল করে আসছিল।
রোববার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ১৪ নম্বর আউটফল ক্লিনার কলোনি ও সিটি পল্লিতে এসব জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালায়।
কর্পোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম অভিযান পরিচালনা করেন।
অভিযানে সিটি পল্লির সম্মুখ ভাগ, তেলেগু কলোনির সম্মুখভাগ, ক্লিনার কলোনির প্রায় ৫০টি বাড়িসহ সবমিলিয়ে প্রায় হাজারখানেক অবৈধ স্থাপনা ও বাড়ি ভেঙে ফেলা হয়। অভিযানের একপর্যায়ে কলোনিতে বসবাসরত বাসিন্দারাও সহযোগিতায় এগিয়ে আসেন এবং উচ্ছেদ কার্যক্রম সর্বাত্মক সহযোগিতা করেন।
অভিযানে অঞ্চল-৪ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. হায়দর আলী, অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সরকার, ৪৮নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম অনু, ৪৯নং ওয়ার্ডের কাউন্সিলর বাদল সরদার, কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনিসুর রহমান প্রমুখ উপস্থিত থেকে উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Leave a Reply