বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম বলেছেন, বিশ্ববিদ্যালয় শুধু পাঠদান আর গবেষণার জন্যই নয়, সবাইকে খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমেও যুক্ত থাকতে হবে। খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে নিয়মানুবর্তিতা বৃদ্ধি পায়, আর সংঘাত ও সহিংসতা থেকে দূরে থাকা যায়। খেলাধুলা ও সংস্কৃতিতে যারা দক্ষ তারা বিশেষ মেধাসম্পন্ন। সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য আমাদের বিভিন্ন প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে।
সোমবার (২০ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ষষ্ঠ আন্তঃবিভাগীয় ইনডোর গেমস প্রতিযোগিতা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্রীড়া উপকমিটির আয়োজনে শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের ব্যবস্থাপনায় ভাষা শহিদ রফিক ভবনের নিচে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। এবারের ইনডোর গেমসে দাবা, ক্যারাম, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, টেনিস খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৬ষ্ঠ ইনডোর গেমস প্রতিযোগিতা ২০, ২১ ও ২৩ মে এই তিন দিনব্যাপী চালু থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, খেলাধুলায় নারী-পুরুষ বৈষম্য দূরীকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সজাগ রয়েছেন। তার নেতৃত্বে বর্তমান সরকার খেলোয়াড়দের জীবনযাত্রার মান বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আরিফউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হোসনে আরা বেগম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক মোহা. আলপ্তগীন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. প্রতিভা রানী কর্মকার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা কেন্দ্রের উপপরিচালক গৌতম কুমার দাস।
Leave a Reply