জ্যেষ্ঠ প্রতিবেদক :
রাজধানীর মিরপুরে কথিত শাহাদাত বাহিনী পরিচয়ে মার্কেটে হামলা ও চাঁদাবাজির অভিযোগে আসিফ সিকদার (২৫) নামে একজনকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। আসিফ চাঁদাবাজির একটি সক্রিয় গ্রুপের সদস্য বলে জানা গেছে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর মডেল থানার শাহআলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মিরপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে ৭টার দিকে শাহাদাত বাহিনীর পরিচয়ে ২০-২৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপ মিরপুরের স্বাধীন মার্কেটে চাঁদাবাজি করতে যায়। তারা মার্কেটের ম্যানেজার তরিকুলের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পেলে তারা মার্কেটে ভাঙচুর চালায়। এরপরই তরিকুল মিরপুর মডেল থানায় একটি মামলা করেন।
এ ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। তারা ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সাহায্যে সোমবার অভিযান চালিয়ে আসিফ সিকদারকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ সিকদার ও তার পলাতক সহযোগীরা স্বীকার করেছেন, তারা পেশাদার চাঁদাবাজ গ্রুপের সদস্য। তারা দীর্ঘদিন ধরে মিরপুর এলাকায় কথিত শাহাদাত বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিল।
মিরপুর মডেল থানার মামলায় আসিফ সিকদারকে আদালতে পাঠানো হয়েছে। চাঁদাবাজির সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।
Leave a Reply